318117

এ কেমন বাড়িওয়ালা : ভাড়া দিতে না পারায় ৩ শিশুসন্তানসহ বের করে দিল ভাড়াটিয়াকে

নিউজ ডেস্ক।। ভাড়া দিতে না পারায় ৩ শিশুসন্তানসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দিলেন রাজধানীর কলাবাগানের এক বাড়িওয়ালা। গত শনিবার মধ্যরাতে কাঁঠালবাগান এলাকায় সম্পা আক্তার নামে এক বাড়িওয়ালা ওই দম্পতিকে তাড়িয়ে দেন। এমনকি পুলিশের হস্তক্ষেপের পরও পরিবারটি বাসায় উঠতে পারেনি। গতকাল রাত ৯টা পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন কলাবাগান থানার কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতভর চেষ্টার পরও বাসায় উঠতে না পেরে ওই দম্পতি বাড্ডায় তাদের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। ওই বাড়িওয়ালা নিজেকে সচিবালয়ের কর্মকর্তার মেয়ে এবং র‌্যাব কর্মকর্তার বোন পরিচয় দিচ্ছেন। তিনি কারও কোনো কথাই শুনছেন না। থানাপুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে তালাবদ্ধ পান। পরে বাড়িওয়ালার সঙ্গে দফায় দফায় মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো ফল হয়নি। তিনি ওই বাড়িতেও আসছেন না এবং কোথায় আছেন- তাও বলছেন না।

ভাড়াটিয়া অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলাবাগান থানার কর্মকর্তা পরিতোষ চন্দ্র। তিনি আরও বলেন, এখন দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা আন্তরিকভাবেই চেষ্টা করছি সমস্যার যেন সমাধান হয়।

ওই দম্পতি জানান, তারা নিয়মিত বাড়ি ভাড়া পরিশোধ করেন। বর্তমান পরিস্থিতিতে তারা এক মাসের ভাড়া পরিশোধ করতে পারেননি। কিন্তু বাড়িওয়ালা তাদের কোনো কথাই শোনেননি।

ad

পাঠকের মতামত