জাপানের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত, রোগীদের ফিরিয়ে দিচ্ছে হাসপাতাল
নিউজ ডেস্ক।। সারা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। এরই মধ্যে জাপানের হাসপতালগুলোর অবস্থা ভয়াবহ রুপ ধারণ করেছে। করোনা আতঙ্কে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। এছাড়া করোনা রোগীদের জায়গা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এ অবস্থায় চরম বিপাকে পড়েছে রোগীরা। একের পর এক হাসপাতালে চিকিৎসা না দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
সম্প্রতি জাপানে ঘটে যাওয়া একটি ঘটনা ছিলো এরকম। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাকে ৮০ টি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে টোকিওর একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আরেকজন ৪০ টি হাসপাতালের পর একটি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহন করার সুযোগ পান।
দ্যা জাপানিজ অ্যাসোসিয়েশন ফর অ্যাকিউট মেডিসিন এন্ড দ্যা জাপানিস সোসাইটি ফর ইমার্জেন্সি মেডিসিন বলছে অনেক হাসপাতালের জরুরী বিভাগ রোগীদের চিকিৎসা দিতে চাচ্ছে না। এমনকি যারা স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অন্যান্য রোগে আক্রান্ত। ইন্সুরেন্স সিস্টেম এবং সুলভ মূল্যে সেবা দেওয়ার কারণে জাপানের হাসপাতাল গুলোর খ্যাতি থাকলেও এই পরিস্থিতি জাপানে চিকিৎসা ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরেছে। এভাবে রোগীদেরকে ফিরিয়ে দিয়ে হাসপাতালগুলো জরুরী কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে।
জাপান মেডিক্যাল এসোসিয়েশনের প্রধান বলছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে গাউন, মাস্ক নেই, এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা করা কঠিন। এছাড়া জাপানের হাসপাতালগুলোর পর্যাপ্ত বেড, স্বাস্থ্যকর্মী ও সরঞ্জাম নেই বলে রিপোর্টে তুলে ধরা হয়েছে।
গেল মাসে জাপানে ৯৩১ জন রোগীকে ফিরিয়ে দেয় ৫টিরও বেশি হাসপাতাল। কতৃপক্ষ বলছে করোনা রোগীদের সেবা দিতে যেয়েই মূলত এ সমস্যা তৈরি হয়েছে। মার্চের শুরুতে প্রথম করোনা রোগীর সন্ধান মেলে জাপানে। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার এবং মারা গেছেন ১৯০ জন মানুষ।






