সংসদে প্রণোদনা প্যাকেজ সম্পর্কে যা বললেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের প্রকোপে দেশের মানুষ যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সে জন্যই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা ভাইরাস (করোনাভাইরাস) তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজ স্থবির, সারা বিশ্বের মানুষ আজ ঘরে বন্দী। এই ধরনের অদ্ভুত পরিস্থিতিতে কখনো বোধহয় আর কেউ পড়েনি। যেহেতু আমরা কেউ জানি না এই পরিস্থিতি কত দিন চলবে, আমরা এর আশু করণীয়- মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী অর্থাৎ আগামী তিন বছরে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আমরা ইতিমধ্যেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছি। কাজেই এই সংকটটা আমরা যাতে কাটিয়ে উঠতে পারি তার জন্য ব্যবস্থা নিয়েছি।’
তিনি বলেন, ‘এই প্রণোদনা প্যাকেজ অর্থাৎ অর্থনৈতিকভাবে যে নেতিবাচক প্রভাব আসতে পারে সামনে সেটা যেন আমরা মোকাবিলা করতে পারি। মানুষের কর্মসংস্থান, মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া, মানুষের জীবন যাতে চলতে পারে সেই ক্ষেত্রে সর্বস্তরের একেবারে শিল্প, কৃষি, একেবারে খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানে শ্রমিক, কৃষক, কামার, জেলে, তাঁতি, ব্যবসায়ী- সকলের কথা বিবেচনা করেই আমরা এই প্যাকেজ তৈরি করেছি এবং সবগুলো কিন্তু ভাগে ভাগে করা হয়েছে।’
প্রণোদনা প্যাকেজ সম্পর্কে তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র ব্যবসা যারা করে তারাও যাতে তাদের ব্যবসাটা চালাতে পারে সেই জন্য এই প্রণোদনা যেটা আমি আমার প্রেস কনফারেন্সে বিস্তারিত বলেছি, এখানে এত ডিটেইলসে যেতে চাই না। আমরা ইতিমধ্যেই ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আমরা দিয়েছি, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।’




