মানুষ আতঙ্কগ্রস্ত হলে অমানুষে পরিণত হয় : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক।। প্রাণঘাতী করেনাভাইরাস নিয়ে অমানবিক হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষ আতঙ্কগ্রস্ত হলে অমানুষে পরিণত হয়। একটা মা জ্বরে আক্রান্ত হলে তার সন্তানরা-স্বামী গিয়ে জঙ্গলে রেখে আসে। এ ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে এরকম আচরণ কেন ঘটবে?’
আজ বৃহস্পতিবার গণভবন থেকে ঢাকা বিভাগের ৯টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
শেখ হাসিনা বলেন, ‘করনো সন্দেহ হলে পরীক্ষা করান, চিকিৎসা করান, যত্ন নিন। জীবন আল্লাহর হাতে। যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে। করোনা পরিস্থিতি নিয়ে কারও অমানবিক আচরণের যৌক্তিকতা নেই। করোনা আক্রান্ত সন্দেহে মানুষকে ঘর থেকে বের করে দেবে, আক্রান্ত ডাক্তারকে এলাকাছাড়া করবে, এরকম হতে পারে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস এমন এক আতঙ্ক যা সারাবিশ্বে দেখা যায়নি। কিন্তু এই ভাইরাসের কারণে সারাবিশ্ব যেন একটা বিন্দুতে চলে এসেছে।’
তিনি বলেন, ‘অর্থনৈতিক মন্দা হতে পারে সন্দেহে আমরা ৯২ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছি। তিন অর্থবছর ধরে এটা কার্যকর হবে।’
রমজানে ঘরেই তারাবি পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে ঘরে বসে নিজের মতো করে ইবাদত করুন। রমজানে ঘরেই তারাবি পড়ুন। নিজের মতো করে ইবাদত করুন।’
ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় দুর্নীতির অভিযোগ উঠছে। তদন্তে গিয়ে দেখা যাচ্ছে এরকম কিছু ঘটেনি। কাজেই দুর্যোগের সময় কেউ কারও পেছনে লেগে থাকবে এটা ঠিক না। দুর্নীতি বা অনিয়ম হলে আমরা বরদাশত করবো না।‘ উৎস: দৈনিক আমাদের সময়।






