317055

সরকার যে ৪ উদ্যোগ নিয়েছে অর্থনীতির বিরূপ প্রভাব কাটাতে

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসের থাবায় বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। এ জন্য সরকার মোটাদাগে চারটি কার্যক্রম নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষকে সামনে রেখে আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সরকারপ্রধান এ কথা জানান।

প্রধামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে অর্থনীতির ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমরা চারটি মূল কার্যক্রম নির্ধারণ করেছি। যা অবিলম্বে অর্থাৎ চলতি অর্থবছরের অবশিষ্ট তিন মাসে, স্বল্প মেয়াদে- আগামী অর্থবছরে এবং মধ্য মেয়াদে- পরবর্তী তিন অর্থবছরে- এই তিন পর্যায়ে বাস্তবায়ন করা হবে।’ সরকার গৃহীত চারটি কার্যক্রম হচ্ছে :

(১) সরকারি ব্যয় বৃদ্ধি করা : সরকরি ব্যয়ের ক্ষেত্রে ‘কর্মসৃজনকেই’ প্রাধান্য দেওয়া হবে।

(২) আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন : অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ন রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য।

(৩) সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি : দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে।

(৪) মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা : অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে।

এ ছাড়া সবাইকে ঘরে থেকে পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ইতিপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো। আমরা ঘরে বসেই এবারের নববর্ষের আনন্দ উপভোগ করবো।’

ad

পাঠকের মতামত