সাংবাদিকরা খালেদা জিয়ার মুক্তির জমায়েত কভার করতে গিয়েই করোনায় আক্রান্ত : হাসান মাহমুদ
খালেদা জিয়ার কারামুক্তির দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দলটির নেতাকর্মীরা যে জমায়েত করেছিলেন, ‘সেখান থেকে’ একজন সাংবাদিক নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন।
অতি সংক্রামক নভেল করোনাভাইরাস থেকে রক্ষায় যেখানে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, সেই সময়ে ওই জমায়েত করার জন্য বিএনপি নেতাদের ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ২৫ মার্চ ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, আমরা সবাই যেন ঘরে থাকে। সেদিনই খালেদা জিয়া মুক্তি লাভ করে। সেদিন বিএনপি ঢাকা শহরে হাজার হাজার মানুষের জমায়েত করেছেন। ইতোমধ্যে সেই জমায়েত থেকে একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই সমাবেশ থেকে যে আরো কত মানুষ যে আক্রান্ত হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
“সুতরাং যেখানে একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেখানে এই সমাবেশ থেকে আরও কত শত মানুষ আক্রান্ত হয়েছে তার কোনো ঠিক-ঠিকানা নেই।”
ওই ঘটনার পর বিএনপি নেতাদের এই ভাইরাস মোকাবেলার পদক্ষেপ নিয়ে কথা বলার আর কোনো ‘নৈতিক অধিকার নেই’ বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেছেন, যারা এই কাণ্ডজ্ঞানহীন কাজ করে তাদের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, “যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনষ্ঠান বাতিল করেছিলেন, সেখানে ২৫ মার্চ ঢাকা শহরে রীতিমতো সমাবেশ করল বিএনপি। সুতরাং এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ, এই দায়িত্বহীন আচরণ যারা করেন তাদের এই করোনাভাইরাসের সংক্রমণে সরকারের দোষ-ত্রুটি নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।”
সাংবাদিকদের বিএসএমএমইউতে যাওয়ার পরামর্শ : সাংবাদিকদের কারও নভেল করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন হলে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোনো সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয়, তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”
সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহের জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনীতি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, এটি মহাদুর্যোগের সময়। এই সময়ে সবকিছু নিয়ে রাজনীতি করার সময় নয়।
তিনি বলেন, আমি বিএনপিসহ যেসব নেতা ঘরবন্দি রয়েছেন এবং বড় বড় কথা বলছেন, তাদের বলবো আসুন সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকি। একে অপরের বিরুদ্ধে যে রাজনীতি সেটা আপতত বন্ধ রাখি।
তথ্যমন্ত্রী বলেন, কিছু ঘটনা নিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, এ নিয়ে কথা বলা হচ্ছে; বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে। বিএনপিকে অনুরোধ জানাবো নিজেদের চেহারাটা আয়নার দেখার জন্য। যারা ক্ষমতায় থাকাকালীন দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো। তাদেরকে অনেকে বিশ্ব চোর বলে। সেই বিশ্বচোরের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, বিএনপি এ যুদ্ধপরাধের বিচার বন্ধ করার জন্য, খালেদা জিয়ার মামলা বন্ধ করার জন্য, তারেক রহমানের বিচার বন্ধ করার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে লবিষ্ট নিয়োগ করেছে। অথচ জনগণের পাশে এখন নেই। তাদের অনুরোধ জানাবো বিশ্ব লবিষ্ট নিয়োগ করে ডলার খরচ না করে সেই টাকা বরং জনগণের জন্য খরচ করেন। উৎস: বাংলাদেশ টুডে।




