আরব আমিরাতে বিয়ের জন্য অনলাইন পরিষেবা চালু
ডেস্ক রিপোর্ট।। করোনা মহামারি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে চলাফেরার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেই বিবাহ সম্পন্ন করতে একটি অনলাইন পরিষেবা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে আজ সোমবার এ সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
গত শনিবার আমিরাতের বিচার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই অনলাইন পরিষেবায় ভিডিও বার্তার মাধ্যমে একজন আলেমের মধ্যস্থতায় পাত্র-পাত্রী বিয়ের জন্য তাদের সকল কাগজপত্র জমা দেবে। এরপর ওই আলেম ও সাক্ষীদের অনুমতিক্রমে বিয়ের অনুমোদন পত্র দেবে বিজ্ঞ আদালত।
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনের মাধ্যেম। এমনকি আদালতের অনুমোদন দেওয়ার বিষয়টি পাত্র-পাত্রীকে অনলাইন বার্তার মাধ্যমে জানানো হবে। আদালতের অনুমতি পাবার পর তারা দম্পতি হিসেবে বিবেচিত হবে।
ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক দুরত্ব এবং সাধারণ মানুষ ও আদালতের কর্মকর্তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




