316408

বিএসএমএমইউ অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক।। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, অধ্যাপক শহীদুল্লাহ চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য। শহীদুল্লাহর বিভাগটি জীবাণুমুক্ত করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক মাহবুবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। আজকে আমরা উনার টেস্ট করিয়েছি।

বিএসএমএমইউ’র একাধিক চিকিৎসক জানান, শহীদুল্লাহ বৃহস্পতিবারও ক্যাম্পাসে ছিলেন এবং তার সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। আক্রান্ত অধ্যাপক শহীদুল্লাহ শিকদার বলেন, এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।

কীভাবে সংক্রমণ ঘটতে পারে বলে মনে করেন- প্রশ্ন করা হলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, হাসপাতালে রোগী দেখেছি। সেখান থেকে সংক্রমিত হয়েছি বলে ধারণা করছি।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে।

ad

পাঠকের মতামত