আরও দুই বাংলাদেশি সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত
প্রবাস ডেস্ক।। সিঙ্গাপুরে নতুন করে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ৮ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকিরা চিকিৎসাধীন।
২৭ মার্চ সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৩২ জন৷ আজকে আরও ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮৩ জন। এই পর্যন্ত সিঙ্গাপুরে ২ জনের মৃত্যু হয়েছে৷
আক্রান্ত ৪৯ জনের মধ্যে ২২ জনই সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ২৭ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ৪৩২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ১৭ জনের আইসিইউতে রয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। বিভিন্ন দেশে ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে। কিন্তু এখন আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৩৫ এবং মারা গেছে ১ হাজার ২৯৫ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৮ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই পাল্লা দিয়ে বাড়ছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু এখন চীনের চেয়েও বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৮ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে।
ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯। এদের মধ্যে ৩ হাজার ৬১২ জনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৩৬১ জন। ইতালির পরেই করোনার ভয়াবহ রূপ দেখেছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ১৫ জন।









