মহামারিতে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’
মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন সংকটময় পরিস্থিতিতে সবাই যখন মৃত্যুভয়ে কাঁপছে; তখন পৃথিবীতে এলো নতুন অতিথি। সদ্য জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখা হলো ‘করোনা’। ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এমন ঘটনা।
স্থানীয়রা জানান, ভারতে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ‘লকডাউন’ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুর জেলার সোগাহুরা গ্রামের এক নারীর প্রসব যন্ত্রণা ওঠে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে গোরক্ষপুর শহরের মহিলা হাসপাতালে ভর্তি করেন।
ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। তারপরই ওই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময়ও এক শিশুর নাম রাখা হয়েছিল ‘সিডর’।
এ ব্যাপারে শিশুটির কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।’
এদিকে, বিষয়টি জানার পর অবশ্য অনেকেই হতবাক হয়েছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা।






