আরেকটি হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১২০
ক্রীড়া প্রতিবেদকঃ এবারের বাংলাদেশ সফরে একবারের জন্যও হাসেনি ব্রেন্ডন টেলরের ব্যাট। একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ; সবমিলিয়ে খেলা ছয় ইনিংসে তার সর্বোচ্চ ছিলো মাত্র ১৭ রান, মোট সংগ্রহ ছিলো মাত্র ৬১ রান।
অবশেষে বাংলাদেশ থেকে ফেরার আগে খেলা শেষ ম্যাচে রানের দেখা পেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞতম ব্যাটসম্যান। খেলেছেন ৪৮ বলে ৫৯ রানের ইনিংস। যা দলের প্রায় অর্ধেকের সমান। যদিও এতে খুব একটা লাভ হয়নি জিম্বাবুয়ের।
দলের অন্যান্যদের ব্যর্থতার কারণে কাজে আসেনি টেলরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিটি। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে দাঁড় করিয়েছে ১১৯ রানের সংগ্রহ। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও অপরাজিত থাকতে বাংলাদেশকে করতে হবে ১২০ রান।




