আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠছেন: আইইসিডিআর
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। তৃতীয় জনের চিকিৎসা চলছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথাগুলো বলেন।
গত রোববার দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত করার কথা জানায় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী বলেও জানানো হয়।
আজ আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। অন্তত প্রথম পরীক্ষায় এটা নিশ্চিত হওয়া গেছে। তাদের আবার পরীক্ষা করা হবে। আর তৃতীয় একজনের চিকিৎসা চলছে।
আইইডিসিআর পরিচালক বলেন, নতুন করে ১০ জনের নাক ও গলার লালা পরীক্ষা করা হয়েছে। সেগুলোর ফল নেগেটিভ এসেছে। আজ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এখন মোট আট জন আইসোলেশনে আছেন। আর কোয়ারেন্টাইনে আছেন চারজন।






