স্বামীকে ফিরে পেতে যৌন লালসার শিকার গৃহবধূ!
ঝিনাইদহ প্রতিনিধিঃ দুই বছর আগে রাগ করে ঘর ছাড়া হন স্বামী। সম্পর্কের টানে স্বামীকে ফিরে পেতে কথিত কবিরাজের দ্বারস্থ হন স্ত্রী। এতে তিনি সেই কবিরাজের যৌন লালসার শিকার হন। শনিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রামে এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত কবিরাজ আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক কবিরাজ যশোরের চৌগাছা থানার কোমরপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, ঘর ছাড়া স্বামীকে বাড়িতে ফেরত আনতে কবিরাজের শরণাপন্ন হন ওই গৃহবধূ। ভুক্তভোগীর দাবি, সরলতার সুযোগে গৃহবধূকে ধর্ষণ করেছে কবিরাজ। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




