দুইশ’ ছাড়ানো লিড নিয়ে থামল পাকিস্তান
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই দিনে তেমন সুবিধা করতে না পারলেও তৃতীয় দিনটি ভালোভাবেই শুরু করেছেন টাইগাররা। দিনের প্রথম সেশনে তুলে নেয় চার উইকেট। এর মধ্যে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান বাবর আজম ও আসাদ শফিকও আছেন। পরে ১২২.৫ ওভারে ৪৪৫ রান তুলে থামে স্বাগতিক পাকিস্তান। প্রথম ইনিংস থেকে তারা লিড নিয়েছে ২১২ রানের।
শনিবার ৩ উইকেট হারিয়ে ৩৪২ রান তুলে দিনের দিনের খেলা শেষ করা পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান বাবর আজম ও আসাদ শফিক। রোববার সকালে ব্যাটে নেমে আগের দিনের করা ১৪৩ রানেই থামেন বাবর আযম। আবু জায়েদ রাহির শিকার হন তিনি। এরপর দলীয় ৩৫৩ রানে আসাদ শফিককে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন।
উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে আসাদ খেলেন ৬৫ রানের ইনিংস। এরপর দলীয় সংগ্রহে আরও ২১ রান যোগ করে মোহাম্মদ রিজওয়ানকে তুলে নেন রুবেল হোসেন। রিজওয়ান করেন ১০ রান। শেষ দিকে ৭৫ রান করে ভারতের লিড বাড়িয়ে থামেন হারিস সোহেল।
শুক্রবার শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনেই ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে দলের পক্ষে মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৬৩ রান করেন। তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্তর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া লিটন দাস ৩৩ এবং অধিনায়ক মুমিনুল হক সেট হয়ে ৩০ রান করে ফিরে যান। মাহমুদুল্লাহ করেন ২৫ রান ও তাইজুল ইসলাম ফেরেন ২৪ রান করে।
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং বিপাকে ফেলে দিয়েছে দলকে। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি তুলে নেন ৪ উইকেট। পেসার মোহাম্মদ আব্বাস ও বাঁ-হাতি পার্টটাইম স্পিনার হারিস সোহেল দুটি করে উইকেট নেন। তরুণ গতি তারকা নাসিম শাহ নেন একটি উইকেট। বাংলাদেশের হয়ে আবু জায়েদ ও রুবেল হোসেন তিনটি করে উইকেট নেন। তাইজুল ইসলাম দুই উইকেট এবং একটি উইকেট নেন এবাদত হোসেন।






