বাবরের ক্যারিয়ার সেরা ইনিংসে বড় লিড পাকিস্তানের
বাবর আজম আউট হতে পারতেন মাত্র ৩ রানে। তার ইনিংসের শুরুতেই সহজ ক্যাচ ছেড়ে দেন এবাদত হোসেন। সেই জীবন পেয়ে এখনও পর্যন্ত আরও ১৪০ রান যোগ করেছেন পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। অপরাজিত থেকে দলের লিডকে পার করিয়েছেন ১০০ রানের গণ্ডি। বাবরের ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংসেই বাংলাদেশের করা ২৩৩ ছাড়িয়ে ছুটছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান। এরই মধ্যে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৯ রানের। তৃতীয় দিনে এটি কোথায় গিয়ে থামে সেটিই দেখা বিষয়। বোলাররা দারুণ কিছু করে দেখাতে না পারলে, টানা তৃতীয় ম্যাচে ইনিংস পরাজয়ই চোখ রাঙানি দেবে টাইগারদের।
আজ (শনিবার) বাংলাদেশের বোলারদের পাড়ার বোলার বানিয়ে সহজেই রান তুলেছেন বাবর আজম, শান মাসুদ, আসাদ শফিকরা। সেঞ্চুরি করেছেন বাবর ও শান, একই পথে হাঁটছেন আসাদ শফিকও। চতুর্থ উইকেটে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া বাবর ১৪৩ ও আসাদ ৬০ রানে অপরাজিত রয়েছেন। শান আউট হয়েছেন ঠিক ১০০ রান করে।






