গর্ভপাতে রাজি নন প্রেমিকা, লাথি মেরে হত্যা করল প্রেমিক
দীর্ঘদিনের প্রেম থেকে বিয়ের আশ্বাস। মেলামেশার এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। এরপর থেকেই গর্ভপাতের জন্য চাপ দেয় প্রেমিক। প্রেমিকা এতে রাজি না থাকায় তার পেটে লাথি মারে প্রেমিক। শেষ পর্যন্ত মৃত সন্তান প্রসব করে প্রেমিকা। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের লোহাগাড়ার সদর ইউপির রশিদার পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রেমিক রশিদারপাড়ার মো. মিজানুর রহমান ওরফে কালো মিজানের সঙ্গে সাতঘড়িয়াপাড়া এলাকার এক রিকশাচালকের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিজান তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়। ওই তরুণী বিষয়টি মিজানকে জানায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর থেকেই মিজান মোবাইল বন্ধ রেখে গা ঢাকা দেয়।
নয় মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী ওইদিন রাতে মিজানের বাসায় গিয়ে স্ত্রীর স্বীকৃতি চায়। এসময় মিজান তার গর্ভের সন্তানকে মেরে ফেলার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মিজান ওই তরুণীর পেটে লাথি মারে। এতে ঘটনাস্থলে সে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই মৃত সন্তান প্রসব করে।
মৃত বাচ্চাটি রাতেই দাফন করা হয়। এসময় ঘটনার বিষয়ে কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে তরুণী ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই তরুণী মিজানকে আসামি করে লোহাগাড়া থানায় একটি এজাহার দায়ের করে।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, বিষয়টি সত্যিই খুবই দুঃখজনক। এ ব্যাপারে ভিকটিম মিজানকে আসামি করে মামলা করেছে। তাকে শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে।






