করোনার থাবা থেকে রক্ষা পেলো না সদ্যোজাত শিশুটিও
আন্তর্জাতিক ডেস্কঃ একদিনের শিশু। আর তার শরীরেও থাবা বসাল নোভেল করোনাভাইরাস। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীনের উহান শহরের ওই শিশুটি এখন মিডিয়ার নজরে। ডাক্তাররা জানাচ্ছেন, করোনায় আক্রান্তদের মধ্যে ওই শিশুটিই সর্বকনিষ্ঠ।
চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর, শিশুটির মার শরীরে ওই ভাইরাস ছিল। তার থেকে শিশুর দেহেও সংক্রমণ ঘটেছে। আইসোলেশনে রেখে মা ও শিশুর চিকিৎসা চলছে। তবে, মা ও সন্তান এখন কেমন আছে, তা জানা যায়নি। গত সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত আরো এক চীনা মহিলা সন্তানের জন্ম দিয়েছেন। তবে, সেই সদ্যোজাতের দেহে মারণ এই ভাইরাস মেলেনি।
চীনে ইতোমধ্যেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। সরকারি পরিসংখ্যানে, মৃতের সংখ্যা ৪৯০ জন। আক্রান্তের সংখ্যা আরো ২৪ হাজার। মৃতদের বেশির ভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। ফলে, মৃত্যুমিছিল কোথায় গিয়ে থামবে, জানা নেই।
এদিকে, হংকংয়েও করোনায় মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। হংকং প্রশাসন ঘোষণা করেছে, চীনের মূল ভূখণ্ড থেকে সেখানে কেউ ঢুকলে, তাদের দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হবে।






