311158

‘আমার মেয়েটাকে নিয়ে যাও, আমার প্রয়োজন নেই’

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুবেই প্রদেশের সীমান্তে ইয়াংঝি নদীর সেতুতে পুলিশের তল্লাশি চৌকির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন ৫০ বছরের লু ইউজিন। অবিরত কেঁদে চলেছেন আর মিনতিভরা কন্ঠে বলছেন- ‘আমার মেয়েটাকে নিয়ে যাও। আমার প্রয়োজন নেই… দয়া করে আমার মেয়েটাকে যেতে দাও।’

শনিবার লু তার ২৬ বছরের মেয়ে হু পিংকে নিয়ে যেতে চেয়েছিলেন জিয়াংজি প্রদেশের জিউজিয়াংয়ের হাসপাতালে। কারণ লিউকোমিয়ায় আক্রান্ত হু এর দ্বিতীয় দফায় কেমোথেরাপি প্রয়োজন। কিন্তু হুবেইয়ের রাজধানী উহানের হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চাপে থেরাপি দেয়া সম্ভব হচ্ছে না।

উহান থেকেই চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। ভাইরাসের আরো সংক্রমণ ঠেকাতে চীন সরকার এটিসহ কয়েকটি শহর অবরুদ্ধ করে রেখেছে। বাসিন্দাদের শহর থেকে বের হওয়ার ব্যাপারে আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

লুকে নিয়ে শনিবার হু রওনা হয়েছিলেন জিউজিয়াংয়ের দিকে। উহানের প্রান্তসীমায় ইয়াংঝি নদীর সেতুতে পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। তারা মা-মেয়েকে শহরের বাইরে যাওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। বারবার অনুরোধের পরও তা না মানায় এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন লু। আর সবার উদ্দেশে এই আকুতি জানান।

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিককে লু বলেন,‘আমার মেয়েটিকে জিউজিয়াংয়ের হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। তার চিকিৎসা প্রয়োজন।’

শেষ পর্যন্ত লু এর কান্না বিফলে যায় নি। রয়টার্সের সাংবাদিকের সঙ্গে কথা বলার আধাঘন্টা পর পুলিশ মা-মেয়ের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। তাদের নিয়ে যাওয়া হয় জিউজিয়াংয়ের হাসপাতালে।

ad

পাঠকের মতামত