পাকিস্তানের বিপক্ষে টেস্টের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ভারত সফরের মতো পাকিস্তানেও টেস্ট দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক।
শনিবার ঘোষিত ১৪ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার ও রুবেল হোসেন। সবশেষে ভারত সফরে তামিম ছিলেন না পারিবারিক কারণে। সৌম্য টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্ট সিরিজে ছিলেন না। রুবেল ছিলেন না কোনো দলেই।
সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোট ৫ ক্রিকেটার। নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিমকে ধরলেন অবশ্য সংখ্যাটা ৬। অন্য পাঁচ ক্রিকেটার হলেন- অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, ওপেনার সাদমান ইসলাম, ইমরুল কায়েস, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মোস্তাফিজুর রহমান।
আগের দিনই অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ইনজুরির কারণে থাকছেন না মিরাজ ও সাদমান। ইমরুল ও মোসাদ্দেকের না থাকাটাও ইনজুরির কারণেই।
মোস্তাফিজ ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তাকে স্কোয়াড থেকেই ছেঁটে ফেলা হয়েছে।
১৪ সদস্যের বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।






