310932

কাল ফাঁসি হচ্ছে না তাদের

আর মাত্র কয়েক ঘণ্টা পর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণকাণ্ডের আসামিদের। আগামীকাল শনিবার যেখানে তাদের ফাঁসি কার্যকর হওয়ার কথা, সেখানে আজ শুক্রবার অনির্দিষ্টকালের জন্য মৃত্যুদণ্ডের রায় স্থগিত হয়ে গেল।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া ধর্ষণকাণ্ডের ফাঁসির রায় স্থগিত করা হয়। এর ফলে এ মামলার রায় দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল।

আগামীকাল সকাল ৬টায় নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ফাঁসি হওয়ার কথা ছিল চার অভিযুক্তের। এখন আদালত পুনরায় কোনও রায় দেওয়া না পর্যন্ত ফাঁসি স্থগিত থাকবে। ফলে বিহারের তিহাড় জেলে আগামীকাল এ চার অভিযুক্তের ফাঁসি হবে না।

আজ আদালতের রায় শোনার পর ভেঙে পড়েন নির্ভয়ার মা। একইসঙ্গে তিনি জানান, ন্যায়বিচার পেতে তার লড়াই চলবে।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অক্ষয় ঠাকুর নামের এক অভিযুক্তের প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দেন। পরে নতুন করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন অপর আরেক অভিযুক্ত পবন গুপ্তা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর ঘটনার সময় তিনি নাবালক ছিলেন। এই দাবিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই আবেদন খারিজ করে দেন ভারতের আদালত। এক ইস্যুতে বারবার আবেদন করা যাবে না বলে জানান দেশটির শীর্ষ আদালত। এরপরই নতুন করে ভারতের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আরেক আসামি বিনয় শর্মা। যে আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ ফাঁসির আদেশ স্থগিত করলেন পাতিয়ালা হাউজ কোর্ট।

ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ যদি বিনয় শর্মার আবেদন খারিজ করে দেন তবে দেশটির সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে ১৪ দিন সময় পাবেন তিনি। এর আগে ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তাদের।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পুরো ভারত। এই ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

ad

পাঠকের মতামত