310865

আজহারীর ওপর মমতাজের যত আক্ষেপ!

ফেসবুক, ইউটিউব খুললে ওয়াজের নামে মিথ্যা আর অকথ্য গালাগালি ভরা, এগুলো সরকারের নজরে আসা দরকার বলে সংসদকে জানিয়েছেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারীসহ কিছু বক্তা ওয়াজের নাম করে হাজার হাজার মানুষের সামনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাঈদীর মতো লোক ঘরে ঘরে জন্মানোর আহ্বান জানানো হয়। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো ও সরকারকে প্রদক্ষেপ গ্রহণের দাবি জানান মমতাজ।

বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মমতাজ বেগম এসব কথা বলেন। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সভাপতিত্ব করেন।

মমতাজ বলেন, ‘এই সরকার দেশকে ডিজিটালে রূপান্তরিত করে আমাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। কিন্তু আমার মনে হয়, কিছু কিছু জায়গায় বেকায়দায় আছি। কারণ ইউটিউব, ফেসবুক খুললে কী যে একটা অবস্থা। কোরআনকে সামনে রেখে, আল্লাহ-রাসুলকে সামনে রেখে অশালীন ও অকথ্য ভাষায় আজকাল ওয়াজ করা হয়।’

মমতাজ বলেন, ‘এসব বক্তাদের ওয়াজ শুনতে গেলেই দেখি একজন আরেকজনকে গালিগালাজ করছেন। ভালো কথা ছাড়া, খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। সরকারকে বিষয়টি আমলে নিতে হবে। আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে।’

ড. মিজানুর রহমান আজহারীর নাম উল্লেখ না করে মমতাজ বেগম বলেন, ‘আমাদের ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমি তার সেই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে তা আর পুনরাবৃত্তি করব না। তবে আমি বলতে চাই– এ ধরনের বক্তা যারা আছেন, তারা সুবিধার জন্য একেক জায়গায় একে রকমের বক্তব্য দেয়।’

উদাহরণ দিয়ে মানিকগঞ্জের এই সংসদ সদস্য বলেন, ‘এক জায়গায় তারা বলে– আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে ঘরে ঘরে আল্লামা সাঈদীর জন্ম হোক। ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নেই তাদের। এসব বিষয়ে সরকারকে নজরদারি আরও বাড়াতে হবে।’

আওয়ামী লীগে সুবিধাবাদীদের ঠাঁই নেই জানিয়ে মমতাজ বলেন, ‘আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোনো গ্রুপ অনেক বড় তার পক্ষে থাকব, আর যারা দুর্বল তার পক্ষে থাকব না। এ কথা অন্তত আওয়ামী সরকার বিশ্বাসী না।’

বক্তব্যের শেষ পর্যায়ে গানে গানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে মমতাজ বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই/আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি/আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই/আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য/তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই/সবার হাতে তালি চাই।’

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, সরকারি দলের সংসদ সদস্য আলী আশরাফ, জিল্লুল হাকিম, মেহের আফরোজ, নুরুন্নবী চৌধুরী প্রমুখ।

ad

পাঠকের মতামত