ইসরাইলের বিরুদ্ধে কথা: আল আকসার খতিব শায়খ ইকরিমা বরখাস্ত
মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শায়খ ইকরিমা সাবরি জুমার খুতবায় ইসরাইলের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ইহুদিবাদী এই রাষ্ট্রটির চাপে জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক পরিষদের চেয়ারম্যান ও আল আকসার খতিব শায়খ ইকরিমাকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত হয়। ওয়াফা নিউজ ও ডেইলি সাবাহ আরবি এ খবর জানিয়েছে।
ইসরাইলের দাবি, গত শুক্রবার জুমার খুতবায় দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার জেরে তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞাদেশ দেয়া হয়েছে।
ওয়াদি হিলডওয়ে নামে বেসরকারী একটি মানবাধিকার সংস্থার বিবৃতিতে বলা হয়, শুক্রবারের খুতবায় উসকানি দেয়ার অভিযোগে শেখ সাবরিকে শনিবার জিজ্ঞাসাবাদ করে ইসরাইলি পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে শায়খ ইকরিমা সাবরির নিষেধাজ্ঞাদেশ আরও বাড়তে পারে।
এর আগে গ্র্যান্ড ইমামের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হওয়ার সমন জারি করে দখলদার বাহিনী।
আল আকসার গ্র্যান্ড ইমাম শায়খ ইকরিমা সাবরিকে আল-আকসা মসজিদ থেকে সরিয়ে দেয়ার ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও কয়েকবার এমন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন তিনি।




