প্রথম দেশ হিসেবে ২০২০কে স্বাগত জানালো নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্কঃ নানা আয়োজনের মাধ্যমে নতুন বছর বরণ করে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ উপলক্ষে দেশে দেশে চলছে নানা আয়োজন। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের অকল্যান্ডের কেন্দ্রস্থলে ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। এ সময় পোড়ানো হয় প্রায় ৪শ’ ৫৩ কেজি আতশবাজি।
আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।
২০২০ সালকে বরণ করতে অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া লাখো মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।
উল্লেখ্য নিউজিল্যান্ডেরও আগে নববর্ষকে বরণ করেছে সামোয়া ও ক্রিস্টমাস দ্বীপপুঞ্জ।




