ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও সাকিব
স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগে সাকিব আল হাসান জায়গা পেয়েছেন ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন’-এর দশকসেরা ওয়ানডে একাদশে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিলেন বাংলাদেশ তথা বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই দলটির নেতৃত্বে রাখা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশ, অথচ অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন কেবল একজন-মিচেল স্টার্ক। সবচেয়ে বেশি খেলোয়াড় ভারতের, ৩ জন। তারা হলেন-রোহিত শর্মা, বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি।
এছাড়া দক্ষিণ আফ্রিকার দুজন হলেন- এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা। ইংল্যান্ডের জস বাটলার, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা আর আফগানিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন রশিদ খান।
তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘ফক্স স্পোর্টস’-এর দশকসেরা টেস্ট একাদশে মুশফিকুর রহীম জায়গা পেলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।
সাকিব আল হাসানকে ওয়ানডে দলে বেছে নেয়ার পেছনে যুক্তিযুক্ত কারণও আছে বেশ। গত এক দশকে তথা ২০১০ সাল থেকে ওয়ানডেতে সাকিব খেলেছেন মোট ১৩১টি ম্যাচ। এই সময়ের মধ্যে উইকেট নিয়েছেন ৩০.১৫ গড়ে ১৭৭টি আর রান করেছেন ৩৮.৮৭ গড়ে ৪২৭৬। সাকিবের চেয়ে বেশি উইকেট নেই আর কারো।
সর্বশেষ অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও সেরা পারফরমার ছিলেন সাকিব। ১০ প্লাস উইকেট এবং ৬০০ প্লাস রান সংগ্রহ করে সেরা অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। শুধু এই বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করলেই সাকিবকে রাখতে হবে অনেক ওপরে। তারওপর ক্রিকেট অস্ট্রেলিয়া বিবেচনায় এনেছে গত এক দশকের পারফরম্যান্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা টেস্ট দল : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, ডেল স্টেইন, নাথান লিয়ন, জেমস অ্যান্ডাডরসন।




