307994

‌‘মেরে ফেল সবক’টাকে বলেই গুলি চালালো পুলিশ, ভিডিও ভাইরাল

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। দেশজুড়ে চলমান বিক্ষোভে বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছে। এর মধ্যেই উত্তরপ্রদেশ থেকে পুলিশের গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গতকাল শনিবার কানপুরে ভিডিওটি করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে বিক্ষোভ থামাতে পুলিশের গুলি নিয়ে যোগী সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতের আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, মোটরবাইকের আগুন থিতিয়ে এসেছে খানিকটা। তবে দাউ দাউ করে জ্বলছে দুটি গাড়ি। উল্টো দিক থেকে তখনো ইটের টুকরো এসে পড়ছে রাস্তায়। সেফটি জ্যাকেট ও হেলমেট পড়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ।

বিক্ষোভকারীদের হঠাতে ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। তার মধ্যেই বন্দুকের ‘সেফটি ল্যাচ’ খুলে সামনের দিকে ছুটে গেলেন এক পুলিশ। পিছন থাকা পুলিশদের মধ্যে থেকে তখন উড়ে আসছে, ‘মেরে ফেল সবক’টাকে।’ সে কথা কানে যেতেই গুলি চালালেন তিনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে গত তিন দিন ধরে পরিস্থিতি অগ্নিগর্ভ গোটা উত্তরপ্রদেশে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে রয়েছে আট বছরের শিশুও। পুলিশের গুলিতেই ওই ১৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

তবে এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, বিক্ষোভের কারণে রাজ্যে নিহতদের কেউই পুলিশের গুলিতে প্রাণ হারায়নি। বিক্ষোভকারীরাই বন্দুক হাতে মিছিলে নেমেছিল বলে অভিযোগ তাদের।

এ ব্যাপারে উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং শনিবার এনডিটিভিকে বলেছিলেন, ‌‘আমরা একটি গুলিও চালাইনি।’ পুলিশ আরও জানিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে ৫৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে মোট ২৬৩ জন পুলিশ কর্মীরা হিংসাত্মক নানা ঘটনায় আহত হয়েছেন।

উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক (আইনশৃঙ্খলা) প্রবীণ কুমার বলেন, ‘উত্তরপ্রদেশ জুড়ে ৪০০টিরও বেশি খালি কার্তুজ উদ্ধার হয়েছে, এতেই প্রমাণিত যে বিক্ষোভকারীরা দেশি বন্দুক থেকেই গুলি চালাচ্ছিল।’

ad

পাঠকের মতামত