307726

ফুটবলের মতো এবার আইপিএলেও ঋণে খেলবেন ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলে এ প্রথা চালু হয়েছে বহু আগে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেই নিয়ম অন্তর্ভুক্ত হতে চলেছে। আইপিএলে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো, টুর্নামেন্ট খেলা অন্য দল থেকে ঋণে (লোন) ক্রিকেটার নিতে পারবে বা দিতে পারবে। লিগের ১৩তম সংস্করণে প্রথমবারের মতো এ পদ্ধতি চালু করতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকালে সিটি অব জয় কলকাতায় বসছে ২০২০ আইপিএলের মেগা নিলাম। আগামী বছর মার্চের মধ্যভাগ থেকে শুরু হবে টুর্নামেন্ট। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খেলা চলাকালীন অনেকটা ফুটবলীয় কায়দায় ঋণে অন্য দলের সঙ্গে ক্রিকেটার লেনদেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

চলতি মৌসুমে জাতীয় দলের (দেশ ও বিদেশ) হয়ে অন্তত ২টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা এ রীতির আওতায় পড়বেন। তবে কোনো দলে খেলা ক্রিকেটার, অধিনায়ক ও ম্যানেজমেন্ট চাইলে আন্তর্জাতিক ম্যাচ না খেলা অন্য দলের ক্রিকেটারদেরও ধারে নিতে পারবেন। এভাবে অন্য দল থেকে ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সেটা শর্ত সাপেক্ষে।

এ নিয়ম কার্যকর হলে আইপিএলের মধ্যবর্তী সময়ে ১২ দিন ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে। ধারণা করা হচ্ছে,এ পদ্ধতিতে ৩০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত চলবে ক্রিকেটার লেনদেন।

শোনা যাচ্ছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা ৪বারের আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ মাহেলা জয়াবর্ধনে এ উদ্যোগকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন।যদিও সেই নিয়ম কতটা সফল হবে কিংবা সব ফ্র্যাঞ্চাইজি তা আদৌ মেনে নেবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় রয়েছে ভারতীয় ক্রিকেট মহলের একাংশে।

ad

পাঠকের মতামত