অতঃপর ভাইরাল এক পেনড্রাইভ!
বিতর্কিত রাজাকার তালিকা সমালোচনার মুখে বাতিল করা হয়েছে। এবার আলোচনায় এসেছে নতুন একটি ছবি। যা দখলে নিচ্ছে ফেসবুকের অসংখ্য টাইমলাইন। রাজাকার তালিকা ইস্যুতে ভাইরাল হওয়া ছবিটা আর কিছুই নয়, একটি ভাঙা খুঁটির। তবে দেখতে হুবহু পেনড্রাইভের মতো। যা দিয়ে কম্পিউটারের ডাটা ট্রান্সফার করা হয়ে থাকে।
১৮ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন স্থগিত হওয়া রাজাকার তালিকা করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দেয়া হয়েছে ৬০ কোটি টাকা। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি পেনড্রাইভে ওই তালিকা নেয়া হয়েছে। তালিকায় যে লিস্ট পাওয়া গেছে তাই হুবহু প্রকাশ করা হয়েছে।
দুই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে এত টাকা তাহলে খরচা হলো কোথায়। সেই পেনড্রাইভই কি খেয়েছে এ টাকা? বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকাররা পোস্ট করছেন একটি পেনড্রাইভ সদৃশ কংক্রিটের খুঁটির ছবি। যা দেখলে আদি যুগের বা পুরনো আমলের পেনড্রাইভ বলেই ভ্রম হবে।
ফেসবুকে একজন লিখেছেন ‘এই সেই পেনড্রাইভ যা দিয়ে ৬০ কোটি টাকার ডাটা ট্রান্সফার হয়েছে।’ আরেকজন ছবিটি দিয়ে লিখেছেন, ‘এই পেনড্রাইভে গোটা বাংলাদেশ ঢুকিয়ে ভারতে পাচার করা যাবে।’
একজন লিখেছেন, ‘এই পেনড্রাইভটা পেতে কোথায় যেতে হবে? কোথায় যোগাযোগ করা লাগবে?’ ফেসবুকে এই ছবি অসংখ্য শেয়ার হলেও ছবিটি কোথাকার বা কে তুলেছেন তার কোনো হদিস পাওয়া যায়নি।
গত ১৫ ডিসেম্বর প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে এতে অনেক মুক্তিযোদ্ধার নাম থাকায় তীব্র সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে ১৮ ডিসেম্বর এ তালিকা স্থগিত করা হয়।
এ দিনই বেরিয়ে আসে স্থগিত এ তালিকা করতে ৬০ কোটি টাকা খরচা হওয়ার কথা। যদিও বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী দাবি করেছেন, ৬০ কোটি কেন ৬০ পয়সাও খরচ হয়নি।




