306764

শুধু নামে নয়, সব দিক থেকেই আপনি সুন্দর: প্রধানমন্ত্রীকে সালমান খান

রোববার হোম অব ক্রিকেট মিরপুরে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর প্রধান আকর্ষণ ছিলেন বলিউড ভাইজানখ্যাত তারকা সালমান খান ও শিলা কা জাওয়ানি ক্যাটরিনা কাইফ। নেচে-গেয়ে দর্শক মাতান এ বলি জুটি।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সঙ্গে ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এদিন সবচেয়ে বেশি আলো কাড়েন সালমান। পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় কথা বলে সবার মন, হৃদয় জয় করেন তিনি।

সালমান বাংলায় বলেন, কেমন আছেন? আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এ সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সালমান বলেন, শেখ হাসিনা শুধু নামেই নয়, সকল অর্থেই তিনি একজন হাসিনা।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্টে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ার পর তাকে নিয়ে নিজের মুগ্ধতার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার মুগ্ধতার বর্ণনা এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও কণ্ঠেও মুগ্ধ বলিউড সুলতান সালমান।

সুপারস্টার সালমান বলেন, ‘শেখ হাসিনাজি আমরা সত্যিই আপনাকে ভালবাসি। শুধু নামই হাসিনা নয়, বরং বাস্তবেও আপনি হাসিনা। মনের দিক থেকে হাসিনা, দেখতেও হাসিনা।’

তিনি বলেন, ‘আমরা (সালমান খান ও ক্যাটরিনা কাইফ) একটু আগেই তার সঙ্গে দেখা করেছি। তার সুন্দর হাসি, মর্যাদা বোধ ও কণ্ঠ অসাধারণ! এবং তার চোখ! বলার ভাষা নেই। আমরা আপনাকে ভালবাসি।’

লাইভ অনুষ্ঠানে সালমান খান যখন এসব কথা বলছিলেন, প্রধানমন্ত্রী তখন তার স্বভাবজাত হাসি ছড়িয়ে শুনছিলেন। কিছুটা লাজুক ছিল সে হাসি। টিভি স্ক্রিনে বারবারই তার হাসি মিশ্রিত লাজুক চেহারা ভেসে উঠছিলো।

প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শেষে সালমান বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্মশত বার্ষিকী সামনে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আয়োজন।

লাল সবুজের সেই মহা নায়ককে নিয়ে সালমান খান বলেন, ‘বঙ্গবন্ধু এই দেশের রূপকার। তিনি এই জাতির পিতা। সামনে তার শততম জন্মবার্ষিকী। এজন্য আমি পুরো জাতিকে অভিনন্দন জানাতে চাই।’

এর আগে ক্যাটরিনা কাইফ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন প্রথমেই। এর পরে শেখ হাসিনার প্রশংসা করেন। শেষে দুজনে একসঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে কথা বলা শেষ করেন। এরপরে দুজনের যৌথ পারফর্মেন্সের মাধ্যমে শেষ হয় অনু্ষ্ঠান।

ad

পাঠকের মতামত