পাবলিক টয়লেটে পরিণত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ!
ভোলার দৌলতখান উপজেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ এই স্মৃতিস্তম্ভের অবস্থান পৌর শহরের উত্তর মাথায়, পাশেই রয়েছে শহীদ মিনার।
জানা যায়, স্মৃতিস্তম্ভের সামনে রয়েছে একটি বাসস্ট্যান্ড এবং অটোস্ট্যান্ড। কিন্তু যাত্রীরা আশেপাশে কোনো টয়লেট না পেয়ে স্মৃতিস্তম্ভের বেদিতে প্রস্রাব করেন। প্রতিনিয়ত মানুষের মূত্রত্যাগে স্মৃতিস্তম্ভটি অত্যন্ত নোংরা হয়ে গেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো শহীদ মিনার এলাকায়। এ ছাড়া সেখানে অনেকে মলত্যাগও করে রেখেছেন।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের পাশে এক যুবক প্রস্রাব করছেন। এখানে প্রস্রাব করার কারণ জানতে চাইলে ওই যুবক বলেন, ‘আশেপাশে কোনো টয়লেট নেই। কোথায় প্রস্রাব করব বলুন।’
তবে স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোনো বাধা না দেওয়ায় এখানে নিয়মিত স্থানীয় লোকজন ও বাসযাত্রীরা প্রস্রাব করেন। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটির চারদিক ময়লা-আবর্জনায় জড়ো হয়ে রয়েছে, যেন দেখার কেউ নেই।
তবে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের এমন নোংরা পরিবেশে থেকে উত্তরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় লোকজন। এ ব্যাপারে দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভটি রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’
দৌলতখান মুক্তিযোদ্ধা কমান্ডার শসী বলেন, ‘বিষয়টি দুঃখজনক! তবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি ময়লা-আবর্জনা করে রেখেছে যাত্রীরা। বারবার নিষেধ করে লোকজনকে প্রস্রাবের ব্যাপারে থামানো যাচ্ছে না। দুর্গন্ধে শহীদ মিনার চত্বরে মানুষজনও টিকতে পারছে না। দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ’




