সব শ্রেণির পাঠ্যপুস্তকে মুহাম্মদ (স.)-এর জীবনী অন্তর্ভুক্তির দাবি ওলামা লীগের
সব শ্রেণির পাঠ্যপুস্তকে হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার দাবিসহ মোট পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। রবিবার (২০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
একই সঙ্গে ওলামা লীগ হজরত মুহাম্মদের (স.) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি অনুষ্ঠান, রেডিও অনুষ্ঠান এবং ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোনো বিষয় প্রচার, প্রকাশ ও প্রদানকারীর শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানায়।
এ সময় বর্তমানে দেশে শিশু-কিশোররাও পর্নোগ্রাফিতে ভয়ঙ্কর আসক্ত উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী হাজার হাজার সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের অস্তিত্ব ধরা পড়ছে। মারাত্মকহারে বেড়ে চলেছে খুন ও ধর্ষণ। অন্য দিকে দুর্নীতি, জুয়ায় সয়লাব সারাদেশ। পাশাপাশি দায়িত্বহীনতা ভেজাল, মজুতদারি, অনিয়ম আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত সারাদেশ ও জনগণ। অথচ ৯৮ ভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিল না।
বক্তারা আরও বলেন, যদি হযরত মুহাম্মদ (স:)-এর জীবনী যথাযথভাবে পালন করা হতো, তবে সবার মাঝে ইসলামি চিন্তা ও চেতনা আসত। একই সঙ্গে দেশে পাপাচার, অনাচার, অনিয়ম, ভেজাল ও দুর্নীতি বন্ধ হতো।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— রাজারবাগ শরিফের বিরুদ্ধে এনটিভির মিথ্যা অপপ্রচারের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা, ওহাবি সালাফি মতবাদ এবং মওদুদী ইসলাম প্রচারকারী এনটিভির লাইসেন্স বাতিল করা উল্লেখযোগ্য।
মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।




