301965

শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানের এলাহী কাণ্ড (ভিডিও)

স্পোর্টস ডেস্কঃ ন্যাড়া বেলতলায় একবারই যায় বলে যে প্রবাদ আছে- সেটি ভেঙে শ্রীলঙ্কা ফের পাকিস্তান সফরে গেল। তবে শ্রীলঙ্কাকে দেয়া দেশটির নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে তর্ক। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট বাসে জঙ্গি হামলার পর কোনো দেশই আর পাকিস্তানে যেতে রাজি হয়নি। তবে হাল না ছেড়ে পাকিস্তান জোর কৌশল চালিয়েছে বিভিন্ন দেশকে টানতে। তাতে সফলও হয়েছে। দুয়েকটি দেশ পাক সফরে গেছে। সে ধারাবাহিকতায় এবার পাকিস্তানে ম্যাচ খেলতে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

অনেক বলে কয়ে এনে অসম্মান করতে চায় না পাকিস্তান। তাই নিরাপত্তা ব্যবস্থাও হলো সর্বোচ্চ। ক্রিকেটারদের বাসের আগে পিছে যেভাবে গাড়ির বহর ছুটছে তা দেখে অবাকই হয়েছে মানুষ।

শ্রীলঙ্কা দলকে কড়া নিরাপত্তা দেয়ার ছবি ইন্টারনেটে প্রকাশের পর হাসির খোরাক হয়ে উঠেছে। নিরাপত্তার এমন কাণ্ড দেখে ঠাট্টা করছেন খোদ পাকিস্তানিরাই। কারণ ছবি প্রমাণ করে এটা শুধু নিরাপত্তা নয় যেন যুদ্ধের মহড়া।

করাচিতে শ্রীলঙ্কা দলকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে স্টেডিয়ামে নিয়ে আসার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি তুলেছেন দু’জন ব্যক্তি। তারা নিজেদের গাড়িতে বসেই মোবাইলে ভিডিও করেছেন। উল্টো দিকের লেন ধরে তখন শ্রীলঙ্কার টিম বাস যাচ্ছিল। আর দুটি ছোট বাসকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পাকিস্তানের সেনা ও নিরাপত্তাকর্মীরা।

ভিডিওতে দেখা গেছে, সব মিলিয়ে মোট ৩৪টি গাড়ি। গাড়িতে রয়েছেন সশস্ত্র নিরাপত্তাকর্মীরা। এছাড়া বাইকেও ছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রায় প্রতিটি রক্ষীর হাতেই রয়েছে অত্যাধুনিক অস্ত্র। এছাড়া কনভয়ের বেশিরভাগ গাড়িই বুলেটপ্রুফ। এমন অতিরিক্ত আয়োজন দেখে ঠাট্টা করে গেলেন ভিডিও তোলা সেই দুই ব্যক্তি। আর তাঁদের কথোপথন ভাইরাল হল।

কনভয়ের শেষে ছিল একটি অ্যাম্বুল্যান্স। যা দেখার পর এক ব্যক্তি বলে উঠলেন, এত আয়োজনের পরও ওদের নিজেদের উপর আস্থা নেই। যদি কিছু ঘটে যায়! সেই আশঙ্কায় আবার একটি অ্যাম্বুল্যান্স রয়েছে। এত আয়োজন নিয়ে তো যুদ্ধে চলে যাওয়া যায়।

ad

পাঠকের মতামত