বল রেখে বড়শি হাতে মুস্তাফিজ
ত্রিদেশীয় সিরিজের পর অবসর কাটাতে বর্তমানে গ্রামে আছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। কিছুদিন পর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। তার আগে সাতক্ষীরায় নিজের বাড়িতে অবসর কাটিয়ে নিচ্ছেন।
জানা গেছে, গ্রামে ঘুরাঘুরি, মাছ ধরা, দাওয়াত খাওয়া ইত্যাদি সময় কাটছে তার। এরই মধ্যে সাংবাদিক আকরামুল ইসলামের দাওয়াতে সাড়া দেন মোস্তাফিজ। দাওয়াতের বিশেষত্ব ছিল, বড়শি দিয়ে পুকুরে মাছধরা।
সাতক্ষীরার তালা উপলেজার শিবপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও আকরামুল ইসলামের বাড়িতে দিনটা বেশ স্বাচ্ছন্দেই কাটিয়েছেন মুস্তাফিজ। তাকে এক নজর দেখতে এলাকার বহু মানুষ জড়ো হয়েছিল সেখানে।
শখের বশে বড়শি ফেললেও হতশা হতে হয়নি তাকে। মোস্তাফিজের বড়শিতে ধরা পড়ে প্রায় ১২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। আরও ৭টা পাঙ্গাশ মাছ ধরা পড়েছে, যার প্রতিটি ৮ থেকে ৯ কেজি ওজনের। এছাড়া একটি রুই মাছও ধরা পড়েছে। যেটার ওজন হবে প্রায় ৫ কেজি।
মাছধরা শেষে মধ্যাহ্নভোজের পর গ্রামবাসী ও ভক্তদের সঙ্গে ছবি তোলা এবং আড্ডা দিয়ে সময় কাটান মোস্তাফিজ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, থানার সেকেন্ড অফিসার সেকেন্দারের নেতৃত্বে একটি পুলিশ দল।
তালাবাসীর পক্ষ থেকে আকরামুল ইসলাম ক্রেস্ট উপহার দেন মোস্তাফিজকে। বিকেল ৫টার দিকে আনন্দ আয়োজন শেষ করে নিজের বাড়িতে ফিরে যান জাতীয় ক্রিকেট দলের এই পেসার।




