296255

সালিশ না মানায় চলাচলের পথে আ’লীগ নেতার ব্যারিকেড!

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দমাদপুর গ্রামে পারিবারিক জায়গা-জমির বিরোধের পক্ষপাতমূলক সালিশ না মানায় স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বিরুদ্ধে একপক্ষের বাড়ির চলাচলের পথে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয় বাট বাড়ির ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম থানায় দাদপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ আলম, ছিদ্দিক উল্যাহ ও আলা উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাইফুল ইসলাম অভিযোগ করে জানায়, তার চাচার সাথে তাদের পারিবারিক কিছু জায়গা-জমির বন্টন নিয়ে সমস্যা ছিলো। বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসার জন্য তারা রাজি হয়। কিন্তু তাদের পাশর্^বর্তী বাড়ির বাসিন্দা ও সালিশদার স্থানীয় ইউপি সদস্য মমিন উদ্দিন, ওয়ার্ড আ’লীগ সভাপতি শাহ আলম সহ কয়েকজন সালিশে পক্ষপাতমূলক কথা বলায় তারা আপত্তি জানায়। এতে উত্তেজিত হয়ে ইউপি সদস্য মমিন সাইফুলদের গালমন্দ করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এর জের ধরে ২৯ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে সালিশের বিষয়কে কেন্দ্র করে সাইফুলদের বাড়ির চলাচলের পথে কাঠ ও বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এতে ওই বাড়ির প্রায় ১৫ পরিবারের শতাধিক লোকজন অবরুদ্ধ হয়ে আছেন। সাইফুল আরো জানায়, চলাচলের পথে ব্যারিকেড দেওয়ার পরও ইউপি সদস্য ও তার লোকজন তাদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছে থানায় পুলিশ জানালে তাদেরকে ইয়াবার মামলায় ফাঁসিয়ে দিবে।

স্থানীয় ইউপি সদস্য মমিন উদ্দিন অভিযোগ বিষয়ে বলেন, তারা সমাজ মানে না। সালিশদার মুরুব্বিদের সাথে অশোভন আচরণ করে। তাই তাদের শিক্ষা দেওয়ার জন্য সালিশদারদের সিদ্ধান্তে ব্যারিকেড দেওয়া হয়েছে। তারা যদি অশোভন আচরণের জন্য সালিশদারদের কাছে ক্ষমা চায়, তবে তাদের পথ খুলে দেওয়া হবে। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, বাড়ির চলাচলের পথে ব্যারিকেড দেওয়ার একটি অভিযোগ পাওয়ার পরপরই স্থানীয় ইউপি সদস্যকে ফোনে ব্যারিকেড তুলে দেওয়ার জন্য বলা হয়েছে।

বিরোধের বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। এরপর থেকে ইউপি সদস্য ফোন রিসিভ করছেন। বুধবার সকালে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিয়ে আসবো।

ad

পাঠকের মতামত