295704

শ্রীলঙ্কায় আজ থেকে নিকাব নিষিদ্ধ

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর দেশটিতে নারীদের নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাক নিষিদ্ধের প্রস্তাব ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বোরকাকে ‘নিরাপত্তায় ঝুঁকি ও মৌলবাদীর পতাকা’ বলে আখ্যা দিয়ে মুখে পর্দা করা নিষিদ্ধ করলেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার প্রেসিডেন্ট সিরিসেনা বিশেষ ক্ষমতা বলে একটি নির্দেশিকা জারি করেন। যেখানে মুখ ঢেকে রাখে এমন সব ধরনের পোশাককে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজ সোমবার থেকেই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর নিকাব বা মুখ ঢেকে রাখে এমন কোনো পোশাক পরতে পারবেন না। তবে শুধু মাথায় ওড়না বা হিজাব পরতে পারবেন। বোরকা নিষিদ্ধ করতে কয়েক দিন আগে শ্রীলঙ্কার পার্লামেন্টে একটি বেসরকারি প্রস্তাব পেশ করা হয়। পার্লামেন্ট সদস্য অশু মারাসিংঘে এক প্রস্তাবে বলেন, বোরকা শ্রীলঙ্কার মুসলিম নারীদের সনাতন পোশাক নয়। ইস্টার সানডের ওই হামলার পর থেকে দেশটিতে অনেক মুসলিমকেই বিভিন্ন স্থানে আক্রমণের মুখে পড়তে হয়েছে। অনেকে আবার বাধ্য হয়েই বোরকা পরা বন্ধ করে দিয়েছেন ৷

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কাতে পরপর আটটি বোমা হামলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই হামলায় একাধিক নারী বোরকা পরে অংশগ্রহণ করেছিল বলে ধারণা করছে গোয়েন্দারা। আর তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার সেখানে বোরকা পরা নিষিদ্ধ করতে এ পদক্ষেপ নিলো শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার দৈনিক ডেইলি মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইস্টার সানডেতে হামলার শিকার নানা ঘটনাস্থল থেকে পাওয়া আলামত অনুযায়ী গোয়েন্দারা ধারণা করছে, সিরিজ বোমা বিস্ফোরণে বোরকা পরা নারীদের একটি বড় দল অংশগ্রহণ করেছিল। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধের প্রস্তাব ওঠে।

দেশটিতে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০০ জন। সোমবার কলম্বোর একটি এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে সেনাদের নাগাল এড়িয়ে বহু জঙ্গি বোরকা পরে পালিয়ে গেছে বলে দাবি সংবাদমাধ্যমগুলোর। উল্লেখ্য, শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর সেখানে মুসলিমদের মধ্যে বোরকার চলন ছিল না। কিন্তু ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের পর তা এই দ্বীপরাষ্ট্রে এটি চালু হয়। ফলে এই বোরকাকেই জঙ্গিরা পালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা গোয়েন্দাদের।

শ্রীলঙ্কায় যদি বোরকা নিষিদ্ধ হয় তাহলে দেশটির নাম জুড়ে যাবে চাঁদ, ক্যামেরুন, গ্যাবন, মরক্কো, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম ও চীনের জিন জিয়াং প্রদেশে। এসব দেশে আগেই বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

ad

পাঠকের মতামত