295771

‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত, নিহতদের লাশ নেওয়া হলো মর্গে

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ‘জঙ্গি আস্তানার’ ভেতরে বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহগুলো নিয়ে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শরিফুল ইসলাম বলেন, ‘ওই বাড়ির ভেতরে থেকে নিহদের মরদেহ বের করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’

এর আগে ওই বাড়িটিতে প্রবেশ করেছিল ক্রাইমসিন ইউনিট। তারা চলে যাওয়ার পরই নিহদের মরদেহ বের করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ সোমবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের বলেন, ‘মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়েছে। তবে যে নমুনা মিলেছে, তাতে অন্তত দুজনের মরদেহ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে সকাল ৯টার পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে যেতে দেখা গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর থেকেই বাড়িটি ঘিরে অভিযান চালায় র‍্যাব। শুরুতে ওই বাসার একটি কক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসার কাছের একটি মসজিদের ইমাম ইউসুফকে আটক করা হয়েছে। এ ছাড়া বাসাটি ঘিরে ফেলার পরই আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত