295774

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ সদস্য জেলে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন মামলায় এক পুলিশ সদস্যদের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলী আনজুমান আরা।দণ্ডিত ব্যক্তি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবীঘী গ্রামের বাসিন্দা মো. উজির আলী। তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১২ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালপুকুর আশ্রয়ন গুচ্ছগ্রামের মেয়ে শাহনাজ খাতুনের সঙ্গে উজির আলীর বিয়ে হয়। বিয়ের পর দুই দফায় তাকে ৩ লাখ ১০ হাজার টাকার যৌতুক দেওয়া হয়। পরে আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করলে মেয়ের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে প্রায়ই স্বামী উজির আলী স্ত্রী শাহনাজ খাতুনকে নির্যাতন করতেন।

এ ঘটনায় শাহনাজ বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক বিরোধী আইনে মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে সদর মডেল থানাকে এজাহার হিসেবে গণ্য করতে আদেশ দেন। ২০১৮ সালের ১৭ এপ্রিল সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক রনি সাহা উজির আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে বিচারক এই রায় প্রদান করেন।

ad

পাঠকের মতামত