হাডার্সফিল্ডকে উড়িয়ে গোল উৎসবে শীর্ষে ফিরল লিভারপুল
টটেনহ্যাম এবং ম্যানইউকে হারিয়ে লিগ শিরোপায় এক হাত দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরু থেকে শিরোপার লড়াই জমানো লিভারপুলের শিরোপা স্বপ্নে ঘা লেগেছে। সেই রাগ অ্যানফিল্ডে হাডার্সফিল্ড টাউনের ওপর ঝাড়ল অল রেডসরা। লিভারপুলের ঝাঁঝ দেখল তারা। সাদিও মানে-মোহামেদ সালাহরা হাডার্সফিল্ডকে উড়িয়ে দিল ৫-০ গোলের ব্যবধানে।
ম্যাচের ১৫ সেকেন্ডে লিভারপুলের নেভি কেইটা প্রথম গোল করেন। জার্গেন ক্লপের দলের গোল বন্যা আর থামেনি। নিয়মিত বিরতিতে তার শিষ্যরা গোল করে গেছেন। ম্যানসিটিকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। শেষ বলে কোন কথা নেই। গা ছাড়ার সুযোগ নেই। সুযোগ নেই পা হড়কানোর। সঙ্গে বার্সেলোনাকেও বার্তা দিলেন ক্লপ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের জন্য প্রস্তুত তারা।
ম্যাচের প্রথম মিনিটে গোলের পর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সেনেগাল তারকা সাদিও মানে। প্রথমার্ধের যোগকরা সময়ে ব্যবধান ৩-০ করেন সালাহ। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আবার মানের গোল। তার সঙ্গে পাল্লা দিয়ে ৮৩ মিনিটে গোল করেন সালাহ। তবে হ্যাটট্রিকের সামনে থেকেও তা পূর্ণ করতে পারেননি কেউ।
এ ম্যাচে সালাহ সব প্রতিযোগিতা মিলে অল রেডসদের হয়ে শততম ম্যাচ খেললেন। দলের জয় ও জোড়া গোল দিয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখলেন তিনি। এছাড়া ১৫ সেকেন্ডের গোল লিভারপুলের দ্রুততম গোল।
এ জয়ে পয়েন্ট টেবিলে আবার শীর্ষে উঠল লিভারপুল। তবে সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। সিটির সামনে এখনও ম্যাচ আছে তিনটি। লিভারপুলের সামনে দুটি। সিটি ওই তিন ম্যাচেই জিতলে এক পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতবে তারা।




