294460

ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের গুলিতে ইদ্রিস আলী (২৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যানের নাম হাবিবুর রহমান।আটককৃতরা হলেন-ইউপি চেয়ারম্যানের বড় ভাই মাসুম মিয়া (৪০), বড় বোন ময়না বেগম (৬০), ভাগনা হারেজ আলী (৩০), রাহুল মিয়া (২৮) ও ভাতিজা উসমান আলী (৩২)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকসহ সোহরাব আলী ইউপি চেয়ারম্যানের ভাতিজি জামাই মাজব আলীর বাড়ির নিকটে জমির ধান কাটতে যান। এ সময় উপজেলা নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মাজব আলী তার লোকজনসহ সোহরাব আলীকে ধান কাটতে বাধা দেন।এতে সোহরাব আলী শ্রমিকদের নিয়ে বাড়ি চলে আসে এবং আশপাশের স্বজনদের খবর দেন। পরে পুনরায় লোকজন নিয়ে ধান কাটতে গেলে সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে চেয়ারম্যান তার আগ্নেয়াস্ত্র বের করে গুলি করেন। এতে সোহরাব আলীর চাচাতো ভাই ইদ্রিস আলী গুলিবিদ্ধ হন।

পরে ইদ্রিস আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

ad

পাঠকের মতামত