একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না : অমিত শাহ
সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের পক্ষে মুখ খুললেন বিজেপি সভাপতি অমিত শাহ। গতকাল মঙ্গলবার স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ‘একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না।’ সাধ্বী প্রজ্ঞা এবারের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা আসন থেকে বিজেপির একজন প্রার্থী। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধ্বী প্রজ্ঞার প্রার্থিতা নিয়ে বেশ সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, একজন জঙ্গিকে কীভাবে প্রার্থী করল বিজেপি। মঙ্গলবার বিরোধীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মুখ খোলেন অমিত শাহ।
তিনি বলেন, ‘একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। কারণ, হিন্দুধর্ম কাউকে আঘাত করার কথা শেখায় না।’ অমিত শাহর অভিযোগ, কংগ্রেস প্রজ্ঞাকে জঙ্গি বলে অভিযুক্ত করছে। তাই তাকে প্রার্থী করে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে সত্যাগ্রহের রাস্তা নিল বলেই এই বিজেপি নেতা দাবি করেছেন। একই সঙ্গে তিনি ভোপালে কংগ্রেসের প্রার্থী দ্বিগ্বিজয় সিংয়ের সমালোচনাও করেছেন। তার বক্তব্য, মধ্যপ্রদেশের মানুষই ডিগ্গি রাজাকে (দ্বিগ্বিজয়) জবাব দেবেন। কারণ, দ্বিগ্বিজয়ই সবসময় হিন্দু সন্ত্রাসবাদের অভিযোগ তোলেন। সেটারই জবাব তার বিরুদ্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পড়বে বলে অমিত শাহর দাবি।
প্রসঙ্গত, ২০০৮ সালে ভারতের মালেগাঁও শহরে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেই অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। তিনি এখন জামিনে মুক্ত। তার নাম ঘোষণার পর থেকেই বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের প্রশ্ন, সন্ত্রাসবাদে অভিযুক্ত একজনকে বিজেপি কীভাবে প্রার্থী করে? যদিও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মানতে নারাজ প্রজ্ঞা।




