যেভাবে ভাঙা হবে ১৬তলার বিজিএমইএ ভবনটি
দুটি বেজমেন্টসহ ১৬তলার বিজিএমইএ ভবন ভাঙার প্রস্তুতি নিয়েছে রাজউক। ভবনটি ভাঙার জন্য তিন মাস সময় রয়েছে তাদের হাতে। জানা গেছে, ভবনটি ম্যানুয়ালি না ভেঙে ডিনামাইট দিয়ে কন্ট্রোলড ডিমোলিশন (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) পদ্ধতিতে গুঁড়িয়ে দেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিনামাইট ব্যবহার করে রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙা হবে। ভবনটি ভাঙার জন্য তিন মাস সময় রয়েছে। সব প্রস্তুতি রাজউক নিয়ে রেখেছে। এত বড় একটি ভবন ম্যানুয়ালি ভাঙার সুযোগ নেই। এই পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে ডিনামাইট ব্যবহার করে কোনো ভবন ভাঙার প্রথম নজির হবে এটি। বিস্ফোরণের মাধ্যমে ভবনটি সম্পূর্ণ ধসে পড়বে। তবে আশেপাশের এলাকায় মুহূর্তেই ধুলা ছড়িয়ে পড়বে।
এদিকে আজ সকাল থেকেই বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হয়। ভবনটির গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিজিএমইএ এবং ভবনে থাকা বিভিন্ন অফিস কর্তৃপক্ষ অর্থসহ মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুদফায় বিকেল ৫টা পর্যন্ত সময় চায়।




