তাপমাত্রা বাড়বে আরো ৩ দিন
আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে ক্রমেই বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিনদিন দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা হ্রাস পেতে পারে। তবে তাপমাত্রা বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।




