288747

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা : ৭ দিনের রিমান্ডে অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া এই মামলায় গ্রেপ্তার অন্য দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।আজ বুধবার দুপুরে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।বেলা ১২টার দিকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, প্রভাষক আবছার উদ্দিন ও মাদ্রাসাছাত্র আরিফুল ইসলামকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চায় পুলিশ।

অধ্যক্ষ সিরাজ উদ দৌলা আগে থেকেই একটি মামলায় জেলহাজতে ছিলেন। অন্য দুজনকে ঘটনার পরপরই আটক করা হয়।এদিকে গত মঙ্গলবার রাতে যোবায়ের নামে এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা।গত ৬ এপ্রিল আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত জাহান রাফি। এর পর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরিহিত ৪-৫ জন ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।বর্তমানে তিনি ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ad

পাঠকের মতামত