284769

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঁন মিয়া (৬০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।  অভিযুক্ত চাঁন মিয়া কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা।তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে চাঁন মিয়া একটি কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তাকে ওই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক জহিরুল হক।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁন মিয়া বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট পড়াতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার সন্ধ্যায় ওই শিশুসহ আরও পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী তার কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে সবাইকে বিদায় করে দিলেও নানা ছলনায় ভুক্তভোগী ওই শিশুটিকে আটকে রাখেন তিনি। তাকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে ওই শিক্ষক তার হাতে ২০ টাকা দিয়ে সেখান থেকে বের করে দেন। শিশুটি বাড়ি গিয়ে তার মাকে এ ঘটনা জানালে ওই শিশুর মা তাৎক্ষনিক বাড়ির লোকজনদের জানায়।

সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়াকে গণধোলাই দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের মাতব্বররা পরদিন সকালে সালিশ করার অজুহাতে তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘গতকাল আমি গিয়ে ওই শিশুর পরিবারের সকলকে সকালে এসে মামলা দিতে অনুরোধ করে এসেছিলাম। আজ রোববার সকালে গ্রামের সর্দাররা সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করার সময় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সর্দার-মাতব্বররা ছত্রভঙ্গ হয়ে যান। পরে চাঁন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।’

কসবা থানার ওসি আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রোববার সকালে আমরা চাঁন মিয়াকে আটক করেছি এবং তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম জানান, এ বিষয়ে খবর পেয়ে শনিবার রাতেই কসবা থানা কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার পক্ষ থেকে বলা হয়েছে।’

ad

পাঠকের মতামত