284071

পরাজয়ের পরও পাকিস্তানের দারুণ অর্জন!

স্পোর্টস ডেস্ক।।  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচে সেভাবে প্রতিদ্বন্ধিতা গড়তে পারেনি শোয়েব মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান। অধিনায়কত্ব ও নিজের পারফরমেন্স দুটোতেই ব্যাপক সমালোচিত হয়েছেন পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য এ ব্যাটিং অলরাউন্ডার। পাকিস্তান দলের এমন দশায় সাবেক কিংবদন্তি ক্রিকেটাররাও বিরক্তি প্রকাশ করছেন। তাই দলের খেলোয়াড় ও অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়। শোয়েব মালিকের বদলে দায়িত্ব পান ইমাদ ওয়াসিম। আর অভিষেক হয় আবিদ আলী ও সাদ আলীর অভিষেক হয়। এক ঝাঁক তরুণদের নিয়ে গড়া পাকিস্তান শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার অবস্থানেই ছিল।

খেলার শেষ পর্যায়ে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ২৫ রান। হাতে ছিল ৬টি উইকেট। এমন অবস্থায়ও হারতে হয়েছে শুধু অনভিজ্ঞতার কারণে। এ কথা বারবার ধারাভাষ্যকাররা বলেছেন। ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তানের ওপেনার শান মাসুদ প্রথম ওভারেই দলীয় শূন্য রানে বিদায় নেয়ার পর চাপে পড়ে যায় নবীনদের নিয়ে গড়া পাকিস্তান। পরে আরেক ওপেনার আবিদ আলীর সঙ্গে উইকেটে যোগ দেন হারিস সোহয়েল। তারা দুজনে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন।

১৭ তম ওভারে হারিসের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। এ দুই তরুণ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলারদের পাড়ার মাঠের বোলার বানিয়ে দলকে ২১৮ রান পর্যন্ত নিয়ে যান। এরই মাঝে সেঞ্চুরি করেন অভিষেক হওয়া আবিদ আলী। ৪২তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে আবিদ জাম্পার বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপরই মূলত পাকিস্তানের বিপর্যয় ঘটে। একে একে উইকেট হারাতে হয় ইমরান খানের উত্তরসূরীদের। এক প্রান্ত আগলে রেখে মোহাম্মদ রিজওয়ানও সেঞ্চুরি আদায় করে নেন।

নতুন অধিনায়ক ইমাদ ওয়াসিম ম্যাচ শেষে নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা (শেষ দিকে) হিট করে ঠিকমতো খেলতে পারিনি। কিছু শট ওই পরিস্থিতিতে নেয়া উচিত হয়নি। তবে আমাদের দুই সেঞ্চুরিয়ানের ব্যাটিংকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। আবিদ-রেজওয়ানের সেঞ্চুরিটি খুবই উৎসাহজনক।আমি অধিনায়কত্ব এনজয় করেছি।’

সবশেষ তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করেন রেজওয়ান। আবিদ আলী এবং রেজওয়ানের সেঞ্চুরির পরও শ্বাসরুদ্ধ লড়াইয়ের পর মাত্র ৬ রানে হেরে যায় পাকিস্তান। তবে এই পরাজয়েও তৃপ্তি আছে। অন্তত লড়াই করে হারল পাকিস্তান। আবিদ আলী এবং রেজওয়ানের সেঞ্চুরি পাকিস্তানের জন্য ইতিবাচক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিজ্ঞদের বিশ্রাম দেয়ায় আফ্রিদিসহ সাবেক অধিনায়করা যে সমালোচনা করেছেন, আবিদ আলী, রেজওয়ান এবং সিরিজে হারিস সোহেল সেঞ্চুরি করায় সেই সমালোচনা কিছুটা হলেও বন্ধ হবে। পাশাপাশি তাদের সেঞ্চুরির ফলে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতার একটা রেশ চলে আসবে। অভিষেকে ম্যাচে আবিদ আলী সেঞ্চুরি করায়, ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল হকের সঙ্গে আবিদ আলীর প্রতিযোগিতা জমবে। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে এখন কারো জন্যই জায়গা স্থায়ী থাকবে না। যারা যোগ্য তারাই টিকে থাকবেন। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত