280451

২৫ জন খেলোয়াড় রিয়ালের ক্রয় তালিকায়!

স্পোর্টস ডেস্ক।। নিশ্চিত থাকুন, অতীতের যেকোনো সময়ের চেয়ে ইউরোপের আসন্ন গ্রীষ্মকালীন দলবদল বাজার বেশি জমবে। ইউরোপের অন্য ক্লাবগুলো যদি দলবদলে অংশ না-ও নেয়, তাতেও সমস্যা হবে না। রিয়াল মাদ্রিদ একাই গরম করে রাখবে দুই মাসব্যাপী দলবদলের বাজার। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ-প্রতিটি বিভাগেই যে একাধিক করে তারকা খেলোয়াড় কেনার প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছে রিয়াল। এক সপ্তাহে নিজেদের ঘরের মাঠে টানা তিন হারে মৌসুমের তিনটি টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়া। মানে মার্চেই রিয়ালের মৌসুম মূলত শেষ। ১১৭ বছরের ক্লাব ইতিহাসে এমন চরম বিপর্যয় কখনো দেখেনি রিয়াল।

ঐতিহাসিক এই বিপর্যয় থেকে রিয়াল সবচেয়ে বড় যে শিক্ষাটা পেয়েছে, সেটি হলো, রিয়াল কর্তারা বুঝে গেছেন, আবার বিশ্বসেরা রূপে ফিরতে হলে দলে নতুন রক্ত সংযুক্ত করতে হবে। দলের শক্তিবৃদ্ধির জন্য প্রতিটি বিভাগেই একাধিক করে তারকা খেলোয়াড় কিনতে হবে। এই শিক্ষা থেকেই উপরোক্ত ওই পরিকল্পনা। তবে শুধু নতুন খেলোয়াড় কেনার প্রাথমিক পরিকল্পনাই নয়। কোন বিভাগে কাকে কাকে কেনা যায়, তার একটা প্রাথমিক তালিকা করে রিয়াল এরই মধ্যে তাদের পিছুও নিয়েছে। রিয়ালের সেই ক্রয়-পছন্দের দীর্ঘ তালিকাটা দেখলে চমকে উঠতে বাধ্য। পাঁচজন, দশজন নয়­রিয়াল নাকি কেনার জন্য প্রাথমিকভাবে বাছাই করেছে অন্তত ২৫ জনকে!

প্রাথমিক বাছাইয়ের তাদের পিছুও নিয়েছে রিয়াল। পছন্দের সব খেলোয়াড়ের ওপর তীক্ষ্ণ নজর রাখছে রিয়ালের প্রতিনিধিরা। আতশ কাচে পর্যবেক্ষণ করছে তাদের পারফরম্যন্স, সামর্থ্য, প্রতিভা। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে এরই মধ্যে এফসি পোর্তোর ব্রাজিলিয়ান তরুণ এদের মিলিতাওয়ের সঙ্গে চুক্তি করে ফেলেছে রিয়াল। আরও তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার আছেন রিয়ালের রাডারে। তাদের মধ্যে রিয়ালের সবচেয়ে বেশি পছন্দ ডাচ ক্লাব আয়াক্সের তরুণ ডিফেন্ডার মাথিস ডি লিগত। কিন্তু সমস্যা হলো এই ডাচ তরুণের পিছু নিয়েছে স্পেনের অন্য দুই জায়ান্ট বার্সেলোনা এবং অ্যাতলেতিকো মাদ্রিদও। এ ছাড়া ইন্টার মিলানের স্ক্রিনিয়ার ও নাপোলির কালিদু কলিবালিকেও পর্যবেক্ষণে রেখেছে রিয়াল।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর সময়টা একদমই ভালো যাচ্ছে না। অমার্জনীয় সব ভুলের জন্য তাকে নিজ সমর্থকদেরই দুয়ো শুনতে হচ্ছে। তাতে তিতিবিরক্ত হয়ে মার্সেলো রিয়াল ছাড়ারই সিদ্ধান্ত নেন। কিন্তু জিনেদিন জিদান নতুন কোচ হয়ে এসে মার্সেলোকে রেখে দেয়ার কথাই বলেছেন। তবে তার বিকল্প হিসেবে একজন লেফট-ব্যাক কেনার পরিকল্পনা হাতে নিয়েছে রিয়াল। এই একজনের জন্য রিয়ালের রাযারে ৪ জন-মার্কোস আলোনসো, হোসে গায়া, আলেজান্দ্রে গ্রিমালদো ও বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার ডেভিড আলাবা।

মাঝমাঠের সৈনিক হিসেবে অন্তত দুজনকে কেনার ইচ্ছা রিয়ালের। সেই দুইয়ের কোটার জন্য লস ব্লাঙ্কোসদের রাডারে আছেন ১১ জন। চেলসির বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ডকে তো কেনার দ্বারপ্রান্তেই রিয়াল। এ ছাড়া টটেনহামের ডেনিশ তরুণ ক্রিস্তিয়ান এরিকসেন, সের্গেই মিলানকোভিচ-সাভিচ, থিয়াগো আলকানতারা, মাতেও কোভাচিচ, মিরালেম পিয়ানিকদের পিছু নিয়েছে। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবাও আছেন জিদানের সম্ভাব্য ক্রয় তালিকায়। নজর রেখেছে সুসা, পাবলো সারাবিয়া, নিকোলো জানিওলাদের ওপরও। এ ছাড়া বায়ার্ন মিউনিখকে ধার দেওয়া কলম্বিয়ান তারকা হামেশ রদ্রিগেজকে ফিরিয়ে আনার কথাও ভাবছে রিয়াল।

আক্রমণ তালিকায় চমকটা আরও বেশি। বলতে পারেন, মেসি-রোনালদো বাদে বর্তমান সময়ের প্রায় সব সেরা ফরোয়ার্ডদেরই টার্গেট বানিয়ে ফেলেছে রিয়াল! পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে তো আছেনই। তাদের সঙ্গে রিয়ালের নজর আছে টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন, ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দিরাও। আছেন পিয়েরে এমেরিক এবামেয়াং, লুকা জাভিচের মতো তরুণ প্রতিভারাও। এদের মধ্যে শেষ পর্যন্ত কার কার ভাগ্যের শিকে ছেঁড়ে, কৌতূহলের বিষয় সেটিই। উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত