সৈয়দপুরে ‘ভুয়া’ মেজর গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুরে মাহাবুল আলম (২৫) নামে এক ‘ভুয়া’ মেজরকে আটক করা হয়েছে। রোববার রাতে তাকে শহরের নতুন বাবুপাড়ার কলিম মোড় এলাকা থেকে আটক করে পুলিশ। আটক গওয়া ব্যক্তি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুর শাহপাড়ার আব্দুস সাত্তারের ছেলে এবং পেশায় একজন মাইক্রোবাস চালক।
জানা গেছে, ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সৈয়দপুরের শহরের নতুন বাবুপাড়ার শফিকুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়েকে দেখার জন্য রোববার সন্ধ্যায় তাদের বাড়িতে আসেন। তার কথাবার্তায় এবং আচরণে মেয়ের বাবার সন্দেহ হলে তিনি থানায় খবর দেন। বিষয়টি বুঝতে পেরে মাহাবুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে কলিম মোড় এলাকা থেকে আটক করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’




