ভিসি স্যারকে নুরের চ্যালেঞ্জ : সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ যদি একটি পদও পায়, তাহলে আমি ভিপি পদ ছেড়ে দেবো
ক্যাম্পাসে প্রবেশ করে প্রথম বক্তব্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আমি ভিসি স্যারকে চ্যালেঞ্জ করছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর ছাত্রলীগ একটি পদও পায়, তাহলে স্বেচ্ছায় ভিপি পদ ত্যাগ করে চলে যাবো। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
পুনরায় ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম ছাত্র সংঘঠন ও ও স্বতন্ত্র প্রার্থীরা। অনিয়মের নির্বাচনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচিও ঘোষণা করেছেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি ঘোষণা করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। এ সময় ভোট বর্জনকারী অন্যান্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। নুরুল হক নুর ২৩ পদে পুনঃনির্বাচনের দাবি জানান।
নুর বলেন, আপনার জানেন ২৮ বছর পর ডাকসুতে নির্বাচন হয়েছে। নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের দিকে তাকিয়ে ছিলো সারাদেশ। যখন জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের বিরূপ ধারনা তৈরী হয়েছে, সেই জায়গা থেকে দেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। কিন্তু দলকানা প্রশাসন নীলনকশা অনুযায়ী যতরকম কারচুপি করা যায়, তার সবই করেছে। নবনির্বাচিত ভিপি বলেন, এতো কারচুপির পরও আমাকে আর আখতারকে তারা আটকাতে পারেনি।
এর আগে সোমবারের ডাকসু নির্বাচনকে জালিয়াতি, প্রহসন ও ভোট চুরির নির্বাচন দাবি করে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে লাইব্রেরির সামনে দিয়ে অপরাজেয় বাংলা, কলাভবন পার হয়ে উপাচার্যের কার্যালয় হয়ে উপাচার্য বাসভবনের সামনে যায় মিছিলটি। এরপর শামসুন্নাহার হলের পাশ দিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমবেত হন তারা। সূত্র: আমাদের সময়.কম




