276288

ভিপি নুরকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল ছাত্রদল নেতার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা।ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিসোটার আঘাতে মাথা ফাটে তৌহিদুর রহমানের।মঙ্গলবার দুপুরে টিএসসিতে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) এ ঘটনা ঘটে।আহত তৌহিদুর রহমান ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেন।

আগের দিন সোমবার ডাকসু নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে ছাত্রলীগের হামলার শিকার হন নুরুল হক নুর। সেখান থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতাল বিছানায় শুয়েই ভিপি পদে জয়ের সংবাদ পান নুর।হাসপাতাল থেকে আজ বেলা ২টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন ডাকসুর নবনির্বাচিত এ ভিপি। টিএসসিতে যাওয়া মাত্রই তার ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তৌহিদুর রহমান। লাঠিসোটার হামলায় তৌহিদের মাথা ফেটে যায়।তিনি রক্তাক্ত জখম হন।তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএসসিতে সকাল থেকেই অবস্থান করছিলেন ডাকসু ভোট বর্জন করে পুনঃতফসিল দাবিতে আন্দোলনকারীরা। দুপুরে আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে গিয়েছিলেন ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুর।নুর ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল যুবক লাঠিসোটা নিয়ে টিএসসিতে ঢুকে নুরের দিকে তেড়ে যায়। নুরকে বাঁচাতে এগিয়ে আসেন ছাত্রদল, বামজোটসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন ছাত্রদল নেতা তৌহিদুর রহমান।পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের দিকে যায়। মিছিলে প্রহসনের ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ভিপি ও সমাজসেবা বাদে ডাকসুর ২০টি পদে পুননির্বাচন দাবি করছি।এই দাবিতে আগামীকাল বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক নেতা ডাকসুর এ নির্বাচিত নেতা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বামজোটের নেতা লিটন নন্দী। ছাত্রদল নেতারাও এতে যোগ দেন।

প্রসঙ্গত ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া সব পদে ছাত্রলীগের প্যানেল নিরঙ্কুশ জয় পায়। সর্বোচ্চ পদে চমক দেখিয়েছেন নুরুল হক নুর। চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচন করা এ নেতা জয়ী হয়েছেন বিপুল ভোটে।

ডাকসু নির্বাচনে নুরের প্রাপ্ত ভোট ছিল ১১ হাজার ৬২টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেয়ে জয়ী হন নুর। শিক্ষার্থীরা বলছেন ভিপি পদে নীরব ভোট বিপ্লব হয়েছে। সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত