275741

মুহসিন হলের সব পদে ছাত্রলীগের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ছাত্র সংসদ নির্বাচনে সবগুলো পদে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট। অন্যদিকে, জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অন্য ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার বিকাল সোয়া ৫টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র নির্বাচনে সোমবার সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ, এরপর দুপুরে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

ad

পাঠকের মতামত