কুয়েত মৈত্রী হলে ভোটে অনিয়ম, তদন্ত কমিটি গঠন
নিউজ ডেস্ক।। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ডাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এর আগে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, কুয়েত মৈত্রী হলে রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেজন্য কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নিদিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থী ও প্রার্থীরা অভিযোগ করেন রাতেই ব্যালট পেপারে ভোট দিয়ে রেখেছে ছাত্রলীগ, তাই তাদের খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর ভোট শুরু করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তা দেখাতে না চাইলে ছাত্রীরা জোর করে ভোক কক্ষে প্রবেশ করে সেখান থেকে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর,নির্বাচন কমিশনাররা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান।




